সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে দুটি ভিন্ন বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সোমবার দিবাগত রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল বাগিচা গোয়ালপাড়া ও আদিত্য বাড়িয়া গ্রামে সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামতৈল বাগিচা গোয়ালপাড়া এলাকায় নাকাটি বাজারের পাশে শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গাভী ও দুটি বকনা গরু চুরি হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। শরিফুল ইসলাম জানান, রাতে গরুগুলো নিয়ে যাওয়ার সময় তিনি টের পেয়েছিলেন। কিন্তু ঘরের দরজা বাইরে থেকে আটকে থাকায় তিনি তাৎক্ষণিকভাবে বের হতে পারেননি। পরে বাইরে এসে তিনি দেখতে পান চোরেরা একটি গাড়িতে গরুগুলো তুলছে। তিনি চিৎকার করলে চোরেরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে, একই রাতে আদিত্য বাড়িয়া গ্রামের তরিফুল ইসলামের গোয়ালঘর থেকেও একটি ষাঁড়, একটি বকনা ও একটি গাভী চুরি হয়েছে। তরিফুল ইসলাম জানান, গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। সকালে চুরির বিষয়টি জানতে পেরে তিনি আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাননি।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১৪

















