ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। প্রায় ৪ হাজার মেট্রিক টন ওজনের এই জ্বালানি তেল দিনাজপুরের পার্বতীপুর গ্রহণকেন্দ্রের ডিপোতে খালাস করা হয়েছে। পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে এই ডিজেল আমদানি করা হয়।
পার্বতীপুর রেল ডিপোর পরিচালনা ব্যবস্থাপক মো. রবিউল জানান, গত ১৩ সেপ্টেম্বর রোববার সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয় এবং ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে তা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে ভারত থেকে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয় বাংলাদেশ ও ভারত। ২০২৩ সালের মার্চ মাসে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত এই পাইপলাইনের মাধ্যমে সর্বমোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল বাংলাদেশে আনা হয়েছে।
আমদানি করা এই ডিজেল রাষ্ট্রায়ত্ত তিন প্রতিষ্ঠান—পদ্মা তেল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা তেল কোম্পানির মধ্যে প্রায় সমান ভাগে বিতরণ করা হয়। পাইপলাইনটির বাংলাদেশ অংশের মোট দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। এটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকা অতিক্রম করে পার্বতীপুরে গিয়ে মিশেছে।

















