সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে মাত্র ৩৪ দিনে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই অর্থ গণনার কাজ। নগদ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রোপার অলঙ্কার এবং বেশ কিছু চিঠিও দানবাক্স থেকে উদ্ধার করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই গণনা সম্পন্ন হয়। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত ১৩ সদস্যের একটি কমিটির তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। গণনা শেষে প্রাপ্ত অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে মাজারের নামে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের ২২শে জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানের অর্থ গণনা করা হয়, যেখানে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল। পরবর্তীতে ১১ই জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ১৫ই আগস্ট তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। ওই সময় নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালঙ্কার ও রোপার সামগ্রীও পাওয়া গিয়েছিল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আগের তিন দফাসহ এ পর্যন্ত মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা জমা হয়েছে। মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছ ও দীর্ঘমেয়াদি কাঠামো তৈরির লক্ষ্যে গত ২৬শে জুন ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল, যার ধারাবাহিকতায় এখন নিয়মিত বিরতিতে প্রকাশ্যে অর্থ গণনা করা হচ্ছে।

















