আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি এই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখবেন, যা পরিবারের চার দশকেরও বেশি সময়ের জাতিসংঘ সম্পৃক্ততায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি ধনী ও দরিদ্র দেশগুলোর বৈষম্য, ক্ষুধা, দারিদ্র্য দূরীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছিলেন। এরপর ১৯৯৩ সালের ১ অক্টোবর তার মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া প্রথমবার সাধারণ পরিষদে ভাষণ দেন। জাতিসংঘ নথিপত্র অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট পাঁচবার তিনি সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে বক্তব্য রাখেন, যার মধ্যে ১৯৯৫ সালের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০০২ সালের শিশুবিষয়ক বিশেষ অধিবেশন উল্লেখযোগ্য।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ভাষণে জলবায়ু পরিবর্তনের ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে এবং এ বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করবেন। এতে গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান, দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু অর্থায়নের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলা এবারের সফরের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।
এবারের ৮১তম অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের সূচি অনুযায়ী, ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এই ভাষণের ঠিক ১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

















