দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এই দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়। ঘোষণা অনুযায়ী, আজ রাত ১২টা থেকেই এই বর্ধিত মূল্য কার্যকর হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হবে। এর আগে ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেনের দাম ছিল ১৪৫ টাকা।
জ্বালানি বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার গত ১৮ এপ্রিল ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সত্ত্বেও গত পাঁচ মাস দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের বর্তমান মূল্য অনেক কম।

















