দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই মামলায় তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আসামিদের আদালতে হাজির করেন এবং প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।
আদালতে রিমান্ড আবেদনের পক্ষে পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মরিয়ম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার সময় আসামিরা বাসায় উপস্থিত ছিলেন কি না এবং তাদের কোনো প্ররোচনা ছিল কি না তা নিশ্চিত হওয়া। এছাড়া ভুক্তভোগীকে আত্মহত্যায় প্ররোচনা, উস্কানি, মানসিক চাপ, ভয়-ভীতি প্রদর্শন বা অন্য কোনোভাবে আত্মহত্যায় ধাবিত করা হয়েছে কি না, তা যাচাই করা হবে। তদন্তের স্বার্থে পলাতক আসামি ওবায়দুর রহমানের ভূমিকা এবং অবস্থান শনাক্তসহ তাকে গ্রেপ্তার করা, অচেনা কোনো আসামি এই ঘটনার সাথে জড়িত আছে কি না তা খুঁজে বের করা এবং মামলার মূল রহস্য উদঘাটন করার বিষয়টিও রিমান্ড আবেদনে গুরুত্ব পেয়েছে।
















