রাজনীতি

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়

প্রতিবেদক
সব খবর

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড ৩৫৫টি আসনে জয়লাভ করেছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এল্লা পামফিলোভা সোমবার প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। মোট ৪৫০টি আসনের মধ্যে এই বিশাল জয় দলটির সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতাকে ২০১৬ সালের নির্বাচনের তুলনায় আরও শক্তিশালী করেছে। ২০১৬ সালে দলটি প্রাথমিক হিসাবে ৩৪৩টি আসনে জয় পেয়েছিল।

নির্বাচনের ৯৫ শতাংশের বেশি ভোট গণনার পর দেখা গেছে, দলীয় তালিকার ভোটে ইউনাইটেড রাশিয়া ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়েছে, যা ২০২১ সালের ৪৯ দশমিক ৮২ শতাংশের তুলনায় বেশি। এছাড়া একক সদস্যের ২২৫টি নির্বাচনী আসনের মধ্যে ২০৮টিতেই দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কমিউনিস্ট পার্টি ১৩ দশমিক ৮১ শতাংশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপিআর) ৮ দশমিক ৯৮ শতাংশ, নিউ পিপল পার্টি ৭ দশমিক ৯৬ শতাংশ এবং এ জাস্ট রাশিয়া ৪ দশমিক ৯৬ শতাংশ ভোট পেয়েছে।

তিন দিনব্যাপী এই নির্বাচন রোববার শেষ হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৯ দশমিক ৩২ শতাংশ, যা ২০২১ সালের ৫১ দশমিক ৭২ শতাংশের চেয়ে বেশি। ভোটকেন্দ্র এবং দূরবর্তী ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে ১১ কোটি ১০ লাখের বেশি ভোটার ভোট দেওয়ার যোগ্য ছিলেন। জাতীয় পর্যায়ের দলীয় তালিকার ভোটে এবার ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। ইয়াবলোকো পার্টিকে দলীয় তালিকার ব্যালটে অংশ নিতে দেওয়া না হলেও দলটির কিছু প্রার্থী একক আসনের নির্বাচনে অংশ নিয়েছেন।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এটিই ছিল প্রথম পার্লামেন্ট নির্বাচন এবং চলমান সংঘাতের মধ্যেই ভোটগ্রহণ হয়েছে। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিভিন্ন এলাকাতেও এবার ভোট নেওয়া হয়েছে। রাশিয়ার স্টেট দুমায় সদস্য নির্বাচনের ক্ষেত্রে মিশ্র পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে অর্ধেক আসন দলীয় তালিকা এবং বাকি অর্ধেক একক সদস্যের নির্বাচনী এলাকার মাধ্যমে নির্ধারিত হয়। সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোনো দলের কমপক্ষে ৩০১টি আসনের প্রয়োজন হয়।

সব খবর