বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই শোকাবহ সংবাদটি নিশ্চিত করা হয়েছে।
পরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো হচ্ছে যে, রানী মুখার্জির মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জি আজ মঙ্গলবার বিকেলে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময়ে পরিবারের পক্ষ থেকে সবার কাছে প্রার্থনা, ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এই শোকের মুহূর্তে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ জানানো হয়েছে।
রানী মুখার্জি সবসময়ই তার মায়ের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা অকপটে স্বীকার করেছেন। তার অভিনীত আলোচিত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে সন্তানদের ফিরে পেতে লড়াই করা এক বাঙালি মায়ের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে কৃষ্ণা মুখার্জি ছিলেন তার প্রধান অনুপ্রেরণা। ২০২৩ সালে ছবিটির প্রচারের সময় রানী জানিয়েছিলেন, বাস্তব ঘটনার পাশাপাশি চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি মূলত নিজের মায়ের আচরণের ওপর ভিত্তি করেই এগিয়েছিলেন।
রানী সেই সময় বলেছিলেন, তিনি প্রতিটি চরিত্রকে নিজস্ব ভঙ্গিমায় ফুটিয়ে তুলতে পছন্দ করেন। তিনি চেয়েছিলেন চরিত্রটির সঙ্গে নিজের মায়ের ছোঁয়া থাকুক। রানী আরও জানিয়েছিলেন, তিনি তার মায়ের কাছ থেকেই সবচেয়ে বেশি শক্তি ও অনুপ্রেরণা পেয়েছেন। মায়ের হাত দিয়ে খাইয়ে দেওয়া কিংবা কপালে টিকা পরিয়ে দেওয়ার মতো ছোট ছোট বিষয়গুলো তিনি তার অভিনয়ের মাধ্যমে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছিলেন।

















