জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্য চলাকালীন এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ট্রাম্প তাঁর ভাষণে তেহরানে মার্কিন বাহিনীর ধারাবাহিক সামরিক হামলার বিষয়টি উল্লেখ করলে ইরানি প্রতিনিধিদলের সদস্যরা একে একে সভাকক্ষ থেকে বেরিয়ে যান। আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘটনার সময় সভাকক্ষে ইরানি প্রতিনিধিদলের প্রায় সবাই উপস্থিত থাকলেও ট্রাম্পের বক্তব্যের ওই অংশটি আসার পরপরই তারা বেরিয়ে যেতে শুরু করেন। এক পর্যায়ে সভাকক্ষে ইরানের শুধু একজন নিম্নপদস্থ কর্মকর্তাকে বসে থাকতে দেখা যায়।
উল্লেখ্য যে, জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে নিউ ইয়র্কেই অবস্থান করছেন। তবে ট্রাম্পের বক্তব্যের সময় সাধারণ পরিষদের মূল হলে তাদের ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বসে থাকতে দেখা যায়নি।
















