কমিউনিটি সম্পৃক্ততা, সংগঠন পরিচালনা, তরুণ নেতৃত্ব এবং জনসেবায় বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের মিশিগান ডেমোক্রেটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তাহমিদ চৌধুরী। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিশিগানের ওয়ারেনে আয়োজিত মিশিগান ডেমোক্রেটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টির প্রসিকিউটর এলি সাভিত। এ সময় মিশিগান ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেল, ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের মেজরিটি লিডার উইনি ব্রিংকসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বিএএম) প্রেসিডেন্ট জাবেদ চৌধুরী ও উপদেষ্টা সুমন কবির অংশ নেন।
তাহমিদ চৌধুরী দীর্ঘ সময় ধরে ম্যাকম্ব কাউন্টি ও মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বিভিন্ন নাগরিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। তিনি মূলত কমিউনিটি আউটরিচ, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি ম্যাকম্ব কাউন্টি ডেমোক্রেটিক কমিটির নেতৃত্বের তালিকাতেও রয়েছেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তাহমিদ চৌধুরী বলেন, এই অর্জন কেবল তাঁর একার নয়; বরং যারা মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি নেতা হিসেবে তাঁর এই দীর্ঘ পথচলায় সহযোগিতা করেছেন, এটি তাদের সবার সম্মিলিত স্বীকৃতি। মানুষের পাশে থাকা, তাদের কথা শোনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কমিউনিটির সেবা করাই তাঁর মূল লক্ষ্য বলে তিনি জানান। পাশাপাশি, মিশিগান ডেমোক্রেটিক পার্টি এবং ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই অনুষ্ঠানে সম্মানিত অন্য বিজয়ীদেরও অভিনন্দন জানান তিনি।
















