মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি। তিনি জোর দিয়ে বলেন যে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—এগুলো কেবল ধর্মীয় ও ভৌগোলিক পরিচয়। বাংলাদেশী পরিচয়ই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে।
শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার তিখুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শালখুরিয়া ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৯
মন্ত্রী আরও বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোনো কিছুতেই আপোস করেননি এবং পালিয়েও যাননি, তাই তাকে ‘আপোষহীন নেত্রী’ বলা হতো। তিনি উল্লেখ করেন যে, বিএনপি যা বলে তা করে এবং ওয়ার্ড পর্যায় থেকেই নেতৃত্ব নিজেদের গঠন করতে হবে; উপর থেকে কোনো কমিটি করে দেওয়া হবে না।
শালখুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। সভায় তৃনমূল কর্মী শিলা মনি, মাসুদ রানা, মতিন্দ্র নাথ, শিরিনা খাতুন, ফারুক আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

















