হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান এলাকার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের বাসিন্দা মোহাদ্দিস খান (২০) এবং একই উপজেলার সতং গ্রামের শেখ নয়ন মিয়া (২০)। আহত অন্য দুই যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে চার যুবক চান্দপুর চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবক মারা যান।
খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

















