নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। ৮ মিনিটের একটি ভিডিও বার্তায় তিনি নাগরিক নিরাপত্তা, প্রশাসনের ভূমিকা এবং মামলা দায়েরের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। সালমান বলেন, নিজের স্টুডিওর ক্ষয়ক্ষতির চেয়েও দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
ভিডিওর শুরুতেই সালমান তাকে ‘ভদ্রলোক’ হিসেবে সম্বোধন করায় এবং বাকস্বাধীনতা নিয়ে কথা বলার সুযোগ দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান দায়িত্ব। সালমান প্রশ্ন তোলেন, ঘটনার পর তিনি নিজে ক্যান্টনমেন্ট থানায় গিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করলেও স্বরাষ্ট্রমন্ত্রী কেন বললেন যে মামলা করা হয়নি। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা থানা ও প্রশাসন কেন তাকে সঠিক তথ্য দিচ্ছে না, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।
সালমান মুক্তাদির বলেন, ঘটনার আলামত হিসেবে বন্দুক, চাপাতি ও কোদাল উদ্ধার হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে হামলাকারীরা বিএনপির নাম ব্যবহার করছে। এ বিষয়ে সরকারের পিআর ম্যানেজমেন্ট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি বিভ্রান্তি প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, তিনি কোনো রাজনৈতিক ইস্যু তৈরি করতে চান না, বরং সাধারণ নাগরিক হিসেবে নিরাপত্তা নিশ্চিত করাই তার চাওয়া।
ভিডিও বার্তায় সালমান আরও বলেন, তিনি কোনো ক্ষতিপূরণ বা স্টুডিও বানিয়ে দেওয়া নিয়ে আগ্রহী নন। তিনি কেবল জানতে চেয়েছেন, তার মতো একজন পরিচিত ব্যক্তির স্টুডিওতে হামলা হওয়ার পর যদি প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তারেক রহমানের নির্বাচনী এলাকায় এ ধরনের ঘটনা এবং প্রশাসনের উদাসীনতা অত্যন্ত বিব্রতকর। সালমান স্পষ্ট করেন যে, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে আপস করতে বা সুবিধা নিতে আগ্রহী নন, বরং আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করাই তার মূল দাবি। তিনি আরও জানান, এই ঘটনায় ১৭ জন জড়িত থাকার বিষয়টি সামনে এসেছে এবং তিনি ১০০% নিশ্চিত যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত।

















