ভোলার লালমোহন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক সভায় সভাপতিত্ব করেন। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এছাড়াও, আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেমন – কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমামদের ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন যথাযথভাবে সম্পন্ন করার বিষয়েও সভায় আলোচনা করা হয়।
সভায় লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হক, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরব কুমার দেসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















