চাঁদপুর শহরের একটি ফ্ল্যাটে পুলিশ পরিচয় দিয়ে এক গাড়িচালককে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে চার নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
মামলার এজাহার অনুযায়ী, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে দুই ব্যক্তি পুলিশ পরিচয়ে সাইফুল ইসলামের পথরোধ করেন। এরপর তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে সাইফুলকে মারধর করা হয় এবং জোরপূর্বক এক নারীর সঙ্গে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়। এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চক্রটি তার কাছে এক লাখ টাকা দাবি করে।
অভিযোগে আরও বলা হয়েছে, জিম্মি থাকা অবস্থায় ভুক্তভোগীর কাছ থেকে কৌশলে ২০ হাজার টাকা আদায় করা হয়, যার মধ্যে ৮ হাজার টাকা বিকাশের মাধ্যমে এবং ১২ হাজার টাকা নগদ নেওয়া হয়। আটক অবস্থায় সাইফুল কৌশলে তার এক স্বজনকে বিষয়টি জানান। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলের পাশের ভবনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং চার নারীকে আটক করে। তবে পুলিশের অভিযানের সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
ওসি ফয়েজ আহমেদ জানান, আটক চার নারীকে বুধবার সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে চক্রটি এর আগে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে কি না এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

















