সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সদস্যসচিব ইমরুল কায়েস সুমনের স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক শাহিন কবির তার আবেদন খারিজ করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর পুলিশি পাহারায় তাকে পাবনা জেলা কারাগারে নেওয়া হয়েছে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, সাউথইস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখার পক্ষ থেকে দায়ের করা জিআর ২০৩/১৯ নম্বর মামলায় ইমরুল কায়েস সুমন অন্যতম প্রধান আসামি। মামলার অভিযোগ অনুযায়ী, ব্যবসায়িক ক্যাশ ক্রেডিট (সিসি) সীমার বিপরীতে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করলেও তিনি তা পরিশোধ করেননি। একপর্যায়ে তিনি সপরিবার আত্মগোপনে চলে যান। ২০১৯ সালের ১১ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ ঈশ্বরদী থানায় এই মামলাটি দায়ের করে। তদন্তকালে ব্যাংকের নিয়মবহির্ভূতভাবে কোনো জামানত ছাড়াই তাকে ওভারড্রাফট ও ঋণ সুবিধা প্রদানের তথ্য উঠে আসে।
তদন্তের ধারাবাহিকতায় ২০২৩ সালের জুন মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাউথইস্ট ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা করে। তাদের বিরুদ্ধে প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতে সহায়তার অভিযোগ আনা হয়েছে। এদিকে, ঈশ্বরদী পৌর বিএনপির সদস্যসচিব পদে মনোনীত হওয়ার পর থেকেই আর্থিক অনিয়ম ও চেক জালিয়াতির এই মামলাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাউথইস্ট ব্যাংক পাবনা শাখার জোনাল ম্যানেজার এ কে এম মতিউর রহমান জানান, ব্যাংকের সঙ্গে প্রতারণার দায়ে দায়ের করা মামলায় আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

















