দেশের পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত ও প্রসারিত করার লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশের পুঁজিবাজারের সম্পূর্ণ পরিবর্তিত চেহারা দেশবাসী দেখতে পাবে।
অর্থমন্ত্রী জানান, পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য সরকার অতীতে প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন চালু, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের মতো বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত পরবর্তীতে সেই প্রক্রিয়াগুলো সেভাবে আর এগোয়নি। তিনি আরও বলেন, বর্তমানে পুঁজিবাজারে বাস্তবভিত্তিক উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই প্রক্রিয়ায় কোনো কোনো অংশীজনের জন্য কঠিন সিদ্ধান্ত গ্রহণ করাও প্রয়োজন হতে পারে।
দেশের আর্থিক কাঠামোর মৌলিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সরকার সরকারি অর্থব্যবস্থা এবং বেসরকারি খাতে অর্থায়নের কাঠামো পরিবর্তন করতে চায়। প্রচলিত অর্থায়নের উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সুদে ব্যাংক ঋণ নেওয়ার পরিবর্তে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের সুযোগ তৈরি করতে হবে। বিশ্বমানের অর্থনীতির সঙ্গে তাল মেলাতে হলে আমাদের ‘হাই স্ট্রিট থেকে ওয়ার্ল্ড স্ট্রিট’-এর দিকে যাত্রা করতে হবে। দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য বন্ড মার্কেট, ডেরিভেটিভস, সিকিউরিটাইজেশন এবং ইক্যুইটি মার্কেটের ওপর বিশেষ জোর দেওয়ার কথা জানান তিনি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহের দিকে নজর দিতে হবে। তিনি জানান, আইএমএফ-এর কর্মসূচি বাতিল করা হয়েছে কারণ তাদের শর্তাবলি বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য ছিল না। তবে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও বাজারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ওয়াল স্ট্রিটে অনুষ্ঠিত বৈঠকে বৈশ্বিক বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক পদক্ষেপ ও রূপান্তরের ওপর গভীর আস্থা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর শাহরিয়ার গনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন।

















