নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে খনন করা ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’-এ গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করে। গত ২৮ জুলাই থেকে কূপটিতে খনন কাজ শুরু করা হয়েছিল।
বাপেক্স সূত্রে জানা গেছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি (MWD) প্রযুক্তি ব্যবহার করে কূপটি মোট ১৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার গভীরতার জোনে গ্যাসের স্তর শনাক্ত করা হয়েছে। বর্তমানে কূপটিতে ডিএসটি (DST) টেস্ট বা ড্রিল স্টিম টেস্টের কার্যক্রম চলমান রয়েছে। এই পরীক্ষা সম্পন্ন হলে কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।
প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক জানান, ডিএসটি পরীক্ষা শেষ হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তবে প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, এই কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

















