দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন রোগী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন এবং খুলনা বিভাগে ২৯২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৩৮২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০৬ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ৯৪ হাজার ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ২০৮ জন।

















