ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিকস খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল আধুনিকায়ন ও পরিচালনার জন্য বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই চুক্তির আওতায় ডিপি ওয়ার্ল্ড কনটেইনার টার্মিনাল ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি এবং পরিচালনার দক্ষতা উন্নয়নে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের আগ্রহের কথা জানতে চেয়ে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনের প্রস্তাব দেন। এ সময় প্রতিনিধিদল এই খাতগুলোতে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে তাদের ইতিবাচক আগ্রহের কথা ব্যক্ত করেছেন।

















