আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি সরকার মেনে নেবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
সভায় বাণিজ্যমন্ত্রী জানান, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার আমদানি পর্যায়ে শুল্ক-কর সমন্বয় এবং সরবরাহব্যবস্থা উন্নয়নের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের পক্ষ থেকে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর যেকোনো ধরনের চেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও আশ্বস্ত করেন যে, রমজানকে ঘিরে বর্তমানে আমদানির পাইপলাইনে থাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিমাণ পর্যাপ্ত রয়েছে। ফলে রমজান মাসে নিত্যপণ্যের কোনো ঘাটতি হবে না এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে।
সবশেষে তিনি সারা বছর নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সবজি জাতীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে আমাদের একটি পরিকল্পিত সরবরাহব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে কৃষিপণ্য উৎপাদনের পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, জুলাই, নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে ভিন্ন ভিন্ন সবজি উৎপাদন করা গেলে সারা বছরই সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হবে।

















