পল্লী সঞ্চয় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল এবং সেবার মান উন্নত করার লক্ষ্যে ১২ দফা নির্দেশনা দিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনাগুলো প্রদান করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মর্তুজা, মহাব্যবস্থাপক এ বি এম জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন এবং সঞ্চয় ও ঋণ বিতরণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন উপস্থিত ছিলেন। সভায় মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন ব্যাংকের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং পর্ষদের দেওয়া এই নির্দেশনাগুলো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে শাখার কার্যক্রমের মনিটরিং জোরদার করতে জেলা বা আঞ্চলিক কার্যালয়ের জনবল বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য আঞ্চলিক প্রশিক্ষক ও নির্দিষ্ট মডিউল তৈরি করা। এছাড়া কর্মকর্তাদের যেকোনো ধরনের অসততা থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা প্রদান ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নীতিমালা অনুসরণের কথা বলা হয়েছে। শ্রেণিকৃত ও মেয়াদোত্তীর্ণ ঋণ কমাতে সরেজমিন পরিদর্শনের পাশাপাশি নিয়মিত জুম মিটিংয়ের মাধ্যমে শাখা পর্যায়ে দিকনির্দেশনা দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। অনাদায়ী ও দীর্ঘমেয়াদি শ্রেণিকৃত ঋণসমূহ চিহ্নিত করে নীতিমালা অনুযায়ী পুনঃতফসিল, পুনর্গঠন, অবলোপন ও মৃত্যুঝুঁকি আচ্ছাদন তহবিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংকের প্রতিটি শাখার বার্ষিক লক্ষ্যমাত্রাকে মাসভিত্তিক ভাগ করে মাঠ কর্মীদের মধ্যে বণ্টন এবং লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যাসগত অর্থ আত্মসাৎকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং বছরভিত্তিক আত্মসাতের তথ্য পর্ষদ সভায় উপস্থাপনের পাশাপাশি আত্মসাৎকারীদের বিরুদ্ধে বিশেষ সার্কুলার জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে সঠিক পরিদর্শন নিশ্চিত করতে অপ্রয়োজনীয় মূল্যায়ন প্রতিবেদন বন্ধ করে বাস্তব তথ্য উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে লিজেন্ড ও লোন ট্র্যাকিং সিস্টেমের সঠিক মনিটরিং এবং স্পেশালাইজড অডিট জোরদার করতে বলা হয়েছে। এছাড়া ঋণ বিতরণ, পুনর্গঠন, অবলোপন ও ক্রয় প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক তথ্যের গোপনীয়তা রক্ষা এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) সঠিক পরিচালনা নিশ্চিত করতে বলা হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু জানিয়েছেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের এই নির্দেশনার আলোকে কর্মপরিকল্পনা তৈরি করে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

















