দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে জাফরপুর কালান থানা থেকে মুক্তি দেওয়া হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদক অলোক সিং এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধী নেতাদের আটকের ঘটনা ঘটেছিল, সেই পরিস্থিতির মধ্যেই কেজরিওয়ালের মুক্তির খবর পাওয়া গেল।
এর আগে শনিবার সিজেপির কর্মসূচিতে যোগ দিতে যন্তর মন্তরে যাওয়ার পথে অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছিল দিল্লি পুলিশ। একই সময়ে সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ এবং দুর্গেশ পাঠকসহ আম আদমি পার্টির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকেও আটক করা হয়। তবে কেজরিওয়াল মুক্তি পেলেও, অন্য আটককৃত নেতাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সিজেপি নেতা অজিঙ্ক্য শিন্ডে ঘোষণা দিয়েছেন যে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তারা প্রতিদিন যন্তর মন্তরে মিছিল চালিয়ে যাবেন। অন্যদিকে, পরিবেশকর্মী সোনম ওয়াংচুক আটক বিক্ষোভকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই সময়ের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে তিনি পুনরায় অনশন অথবা শান্তিপূর্ণ পদযাত্রার মতো কর্মসূচি গ্রহণ করবেন।

















