শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল পৌর এলাকার চারটি পূজামণ্ডপে ব্যক্তিগত অর্থায়নে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এক সুধী সমাবেশ ও অনুদান বিতরণ অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এই অর্থ প্রদান করেন।
স্থানীয় হোটেল সানরুফে বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এই অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বিএনপি নেতা আবুল হাসান জহির, বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহাক মিয়া, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং শার্শা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।
অনুষ্ঠানে বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন। তারা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে মিলেমিশে বসবাসের আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, সমাজে হিংসা-বিদ্বেষ ও সাম্প্রদায়িক বিভেদ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতিই সবার মূল শক্তি হওয়া উচিত। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বর্তমান পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার কথা বিবেচনা করে সরকারি বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও বক্তারা জানান। পাশাপাশি দুর্গাপূজার ছুটির দাবিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে বলে তারা উল্লেখ করেন। একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে বিএনপি নেতারা চারটি পূজামণ্ডপের পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

















