বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দলের মিডিয়া সেলের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবশেষে বার্ধক্যজনিত অসুস্থতার কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
















