চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে পৌঁছান।
মিজানুর রহমান সোহেল আরও জানান, মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ফলোআপ চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর মির্জা আব্বাস সেখানে গিয়েছিলেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাসও দেশে ফিরেছেন।
উল্লেখ্য, এর আগে দীর্ঘ পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর তিনি দেশে ফিরেছিলেন। তার শারীরিক অসুস্থতার সূত্রপাত হয় গত ১১ মার্চ ইফতারের সময়, যখন তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। সে সময় তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা নেওয়ার পর তাকে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
















