সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আজেল নিউজের প্রতিবেদন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির এবং সিতি আখতার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবরণে বলা হয়েছে, মসজিদের পবিত্রতা নষ্ট করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করেছিল। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে সংশ্লিষ্ট আদালতে বিচারের জন্য পাঠানো হয়।
আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তীকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই রায় বহাল রাখে এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। এই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, মসজিদের পবিত্রতা রক্ষা, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যারা জড়িত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

















