সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম পদ্মপাড়া গ্রামে একটি বসতবাড়ির আঙিনা থেকে প্রায় ১২ ফুট লম্বা দুটি গাঁজার গাছ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে গাছ দুটি জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির মালিক শামছুল ইসলাম তাঁর বসতবাড়ির শৌচাগারের পেছনে গোপনে এসব গাঁজার গাছ চাষ করছিলেন।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক শামছুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাছগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, উদ্ধারকৃত গাছ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। পলাতক শামছুল ইসলামের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করে তাঁকে গ্রেপ্তারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

















