রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পুলিশ।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন ক্লাবের একজন সদস্য ছিলেন এবং তিনি সপরিবারে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন। শুক্রবার সকালে তিনি তার ছোট মেয়েকে নিয়ে ক্লাবে আসেন। মেয়েকে সুইমিংপুলে রেখে তিনি পাশের নির্মাণাধীন ভবনে চলে যান। ঘটনার প্রায় এক ঘণ্টা পর ওই ভবনের নিচতলায় সিঁড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন এবং তিনি দেশে ফিরলে দাফন সম্পন্ন করার কথা জানিয়েছে পরিবার।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, মোশাররফ হোসেন চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলা থেকে নিচে ফাঁকা অংশে পড়ে গিয়ে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার অনুরোধ জানানোয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে ক্লাবের সুইমিংপুলে রেখে তিনি পাশের নির্মাণাধীন ভবনে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়।

















