নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও কর্মীরা অংশগ্রহণ করেন।
কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের ফাইজুল হক গোলাপের সভাপতিত্বে মানববন্ধনটি সঞ্চালনা করেন বিএমইউজের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল। মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, সাংবাদিক আলিফ ফকিরকে ছয়টি গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এত বড় একটি ঘটনার পরও মূল অপরাধীদের গ্রেপ্তার করতে না পারা অত্যন্ত উদ্বেগজনক বলে তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব। এই ধরনের গুরুতর অপরাধের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উতরাইল বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকির। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

















