গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানাটির ছয়তলা ভবনের নিচতলার স্টোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বিকেল ৪টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার ১২ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। মোট ছয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানিয়েছেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

















