পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) মিলনায়তনে বাংলাদেশের ১৫ সদস্যের একটি সাংস্কৃতিক দল তাদের সমৃদ্ধ ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। শনিবার রাতে অনুষ্ঠিত এই আয়োজনে দুই দেশের মানুষের মধ্যে শিল্প ও সংস্কৃতির আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পাকিস্তানের সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির ফেডারেল সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যমন্ত্রী আওরঙ্গজেব খান খিচি। এ সময় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক বিভাগের সচিব আসাদ রহমান গিলানি, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং দুই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওরঙ্গজেব খান খিচি বলেন, সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং ভিন্ন ভিন্ন শিল্পধারার প্রতি শ্রদ্ধা তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের শিল্পীদের যাতায়াত ও সৃজনশীল অভিজ্ঞতা বিনিময়ের পথ আরও প্রশস্ত হবে। একই সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক দলকে স্বাগত জানাতে পেরে তার মন্ত্রণালয় অত্যন্ত আগ্রহী ছিল বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক বিভাগের সচিব আসাদ রহমান গিলানি বাংলাদেশের শিল্পীদের নিষ্ঠার প্রশংসা করে বলেন, এই ধরনের আয়োজনে অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করার সুযোগ তৈরি হয়। হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য পাকিস্তান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রায় দুই ঘণ্টার এই অনুষ্ঠানে দলীয় নৃত্য, একক সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন শিল্পীরা। একক সংগীত পরিবেশনায় ছিলেন পিয়াল হাসান, মো. ইশা খান, ইথুন বাবু, মোহাম্মদ জামাল উদ্দিন নাসের ও নাজনীন চৌধুরী। নৃত্যে অংশ নেন ফারহানা চৌধুরী, আবদুর রশিদ স্বপন, মেহবুবা মাহনূর চাঁদনী ও গোলাম মোস্তফা। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন রাজু আহমেদ চৌধুরী, মো. রাহাত আহমেদ হাসান, মো. ইকবাল হোসেন খন্দকার ও সৌরভ সাহা।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগ এবং ফয়সাল মসজিদসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। এছাড়া একই অনুষ্ঠানে পিএনসিএর ফটোগ্রাফি গ্যালারিতে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী মো. আবদুস সাত্তারের একক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী আওরঙ্গজেব খান খিচি, যা আয়োজনে নতুন মাত্রা যোগ করে।

















