সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১টি নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হেলথ হোল্ডিং কোম্পানি জানিয়েছে, সৌদি আরবের ২০টি স্বাস্থ্য অঞ্চলে বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পদে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। চলতি বছর নিয়োগ, চাকরির নিশ্চয়তা সম্বলিত প্রশিক্ষণ চুক্তি এবং নতুন শূন্য পদ মিলিয়ে সর্বমোট ১৯ হাজার ৬১০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে।
সরকারের মূল লক্ষ্য হলো সৌদি পেশাজীবীদের আকৃষ্ট করা, স্বাস্থ্য খাতের জনবলের চাহিদা মেটানো এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোর সেবার মান ও সক্ষমতা বৃদ্ধি করা। কোম্পানির তথ্য অনুযায়ী, চলতি বছরেই ইতোমধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া কর্মসংস্থানের উদ্দেশ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি অনুমোদন করা হয়েছে। নতুন ৪ হাজার ২৯১টি পদ যুক্ত হওয়ার ফলে মোট সুযোগের সংখ্যা ১৯ হাজার ৬১০টিতে দাঁড়িয়েছে। তবে এই সংখ্যার মধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি এবং বর্তমানে আবেদনযোগ্য পদগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আগ্রহী প্রার্থীরা নিজ নিজ অঞ্চলের স্বাস্থ্য নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে পদ ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে প্রার্থীদের কাঙ্ক্ষিত পদ, যোগ্যতার শর্তাবলী এবং সংশ্লিষ্ট বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার সুযোগ রয়েছে।
সৌদি সরকারের স্বাস্থ্য বিভাগের এই বিশাল নিয়োগ প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো যোগ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা। তাই নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি পদ বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে। যদিও সৌদি আরবে বিদেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক নিয়োগের সুযোগ থাকে, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, পেশাগত নিবন্ধন ও কর্মানুমতির শর্ত পূরণ করা বাধ্যতামূলক।

















