ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। প্ল্যাটফর্মটির পোস্ট, ছবি, ভিডিও এবং রিলস কত মানুষের কাছে পৌঁছাচ্ছে তা পরিমাপের জন্য বহুল ব্যবহৃত মেট্রিক ‘রিচ’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর থেকে এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে এবং এর পরিবর্তে ‘ভিউয়ারস’ নামক নতুন একটি মেট্রিক চালু করা হবে।
এতদিন কোনো কনটেন্ট কতটি পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা জানার জন্য ‘রিচ’ ফিচারটি ব্যবহৃত হতো। তবে নতুন ব্যবস্থায় ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে কনটেন্ট দেখা অনন্য বা ইউনিক অ্যাকাউন্টের সংখ্যা নির্দিষ্টভাবে তুলে ধরা হবে। এই পরিবর্তনের ফলে ফেসবুক পেজ পরিচালনাকারী, কনটেন্ট নির্মাতা, সংবাদমাধ্যম এবং ডিজিটাল বিপণনকর্মীদের কাজের ধরনে কিছুটা পরিবর্তন আসতে পারে। নতুন এই মেট্রিক ব্যবহারের মাধ্যমে পোস্ট, ছবি, ভিডিও এবং রিলসের দর্শকসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে কনটেন্ট পরিকল্পনা ও প্রচারকৌশল নির্ধারণ করা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
তবে কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাব পদ্ধতিতে পার্থক্য থাকতে পারে। এর ফলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা করা কিছুটা কঠিন হতে পারে। কনটেন্টের দীর্ঘমেয়াদি কার্যকারিতা মূল্যায়ন এবং আগের বিপণন কৌশলের ফলাফল বিশ্লেষণে নতুন করে হিসাব মেলানোর প্রয়োজন হতে পারে। এ পরিস্থিতিতে ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো পরিসংখ্যান ও প্রতিবেদনগুলো আগেভাগেই সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মেটা আরও স্পষ্ট করেছে যে, ‘রিচ’ ফিচারটি বন্ধ হয়ে গেলেও ফেসবুকের কনটেন্ট প্রকাশ বা প্রচারের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। মূলত তথ্য পরিমাপ ও দেখানোর পদ্ধতিতেই এই পরিবর্তন আসছে। নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি আগেভাগে বুঝে নিলে পরিবর্তনের পরও কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ ও ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।

















