সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে। কাতারের রাজধানী দোহায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশগুলোর পক্ষ থেকে এই প্রতিরক্ষা চুক্তিটি সই করা হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই চুক্তির মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সামরিক প্রশিক্ষণ ও মহড়া আয়োজনের পথ সুগম করা। পাশাপাশি প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন, গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে দেশগুলো। এর মাধ্যমে নিজ নিজ দেশের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
তবে এই চুক্তির আওতায় সুনির্দিষ্ট শর্তাবলি, অস্ত্র কেনাবেচার কোনো চুক্তি বা সম্ভাব্য যৌথ সামরিক প্রকল্পের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

















