বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানেও অবনতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৬টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা সপ্তম অবস্থানে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে ঢাকার বাতাসের মান স্কোর ১৫৭, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।
তালিকায় এদিন শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যাদের স্কোর ২৯৪ এবং বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৩৫, তৃতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৭৪, চতুর্থ স্থানে থাকা ভারতের মুম্বাইয়ের স্কোর ১৭৩ এবং পঞ্চম স্থানে থাকা মালয়েশিয়ার কুয়ালালামপুরের স্কোর ১৭২।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বাতাসের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘অনেক ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। এছাড়া স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

















