সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। একই সঙ্গে বন্দরনগরী ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনাতেও তারা হামলা চালিয়েছে বলে জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় আনসারুল্লাহর যোদ্ধারা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মোট চারটি হামলা চালিয়েছেন। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে রিয়াদের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুর সৌদি আরামকোর স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর। হুতিদের দাবি অনুযায়ী, দাম্মাম বিমানবন্দরে হামলার ফলে সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া আরামকোর স্থাপনায় হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা বিমানবন্দরে সরাসরি আঘাত করা সম্ভব হয়েছে।
হুতি মুখপাত্র ইয়াহইয়া সারে সৌদি আরবকে সতর্ক করে বলেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্যবস্তু করার যেকোনো হুমকির ভয়াবহ ও অপ্রত্যাশিত পরিণতি হতে পারে। ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের অভ্যন্তরে অভিযান অব্যাহত থাকবে এবং সংঘাত বাড়ালে পাল্টা জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এর আগে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, হুতিদের হামলায় দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সৌদি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। আহত আটজনের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন।

















