জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি শেখ হাসিনার তিনটি সংসদকে অবৈধ বললেও আইনগতভাবে তা বলার সুযোগ নেই। কারণ বিএনপি সরকার ওই সংসদগুলোকে অবৈধ ঘোষণা করেনি। রোববার রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন৷
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ মিছিল সফল করতে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা এই পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বিগত তিনটি সংসদকে অবৈধ ঘোষণার আহ্বান জানান। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করে অবৈধ সংসদের ধারাবাহিকতা এবং সংবিধানের ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে নতুনভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া ও গঠন করার এখনো সুযোগ রয়েছে।
নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, পুরোনো ধারাবাহিকতা বজায় থাকলে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভালো সংশোধনী আনলেও ভবিষ্যতে তা বাতিল হয়ে বর্তমান সরকার ও অন্তর্বর্তী সময়কে অবৈধ ঘোষণা করা হতে পারে। তিনি জিয়াউর রহমানকে কীভাবে আওয়ামী লীগ অবৈধ দখলদার হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, তার উদাহরণ টেনে বলেন, তারেক রহমানের ক্ষেত্রেও এমনটা ঘটবে না, এর কোনো নিশ্চয়তা নেই। তিনি তারেক রহমানের ভালোর জন্যই অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পুরোনো সংসদ, পুরোনো অবৈধ সরকার এবং পুরোনো ফ্যাসিবাদী সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আহ্বান জানান।
দেশের সমতল থেকে পাহাড় পর্যন্ত সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি আশান্ত বলে উল্লেখ করেন এনসিপি আহ্বায়ক। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পাহাড়ের অস্থিরতার সুস্পষ্ট বক্তব্য না পাওয়ার অভিযোগ করে বলেন, সরকার পাহাড়কে শান্ত ও স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। নাহিদ ইসলাম জনগণের সামনে সুস্পষ্টভাবে জানতে চান, পাহাড়ে কারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কীভাবে তৎপরতা ও ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি এটিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে উল্লেখ করেন।
এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন যে, সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে। এই গোপন আঁতাতের ফলেই নানাভাবে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, পার্শ্ববর্তী কথিত বন্ধু রাষ্ট্র যখন বাংলাদেশকে চাপ দেওয়ার প্রয়োজন মনে করে, তখন তারা পাহাড়ে অশান্তি তৈরি করে।
















