সরকার আপাতত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণের কার্যক্রম স্থগিত করেছে। নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করা, ভোটার তালিকা হালনাগাদ এবং ইউনিয়ন পরিষদের সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জেলা প্রশাসককে এই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। দেশের সব জেলা প্রশাসকের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। এছাড়া, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য এর অনুলিপিও পাঠানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে হবে। এই আদেশের প্রেক্ষিতে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালাবিষয়ক স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত স্মারকের আওতায় পরিচালিত কার্যক্রমও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

















