ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় গুয়াহাটির বোরা সার্ভিস এলাকার জিএস রোডের হোটেল বিলাস ইনে এই হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে হোটেলের মালিক হেলেনা ভারালি, তার ছেলে দেবর্ষী কাশ্যপ এবং তাদের ব্যক্তিগত গাড়ির চালক রয়েছেন। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর নারায়ণ দাসসহ আরও তিনজন গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ কমিশনার পার্থ সারথি মহান্ত হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে, ঘটনার সাথে সাথে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গোলাগুলির আগে চারজন ব্যক্তি হোটেলে প্রবেশ করেছিলেন। ঘটনাস্থলে প্রায় সাত রাউন্ড গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং এতে জড়িতদের পরিচয় ও ভূমিকা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পুলিশ পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করছে। প্রাথমিক তদন্তে সম্পত্তির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধকেই এই হামলার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

















