দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ অব্যাহত রয়েছে। অক্টোবর মাসের শেষ পর্যায়ে এসেও মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দীর্ঘ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ৬ ও ১৫ই অক্টোবর একদিনে সর্বোচ্চ ১০ জন করে রোগীর মৃত্যু হয়েছিল। নতুন এই মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু অক্টোবর মাসেই ডেঙ্গুতে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগী মারা গেছেন।
২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন রোগী। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন রোগী।
সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৮৯৯ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, খুলনা বিভাগে ২৫০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, রংপুর বিভাগে ১১২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

















