জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ৩২ কোটি ডলার জরুরি ঋণ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে জাপান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্য নিয়ে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং পরে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। দুপুরে কানতেইতে আয়োজিত মধ্যাহ্নভোজে দুই প্রধানমন্ত্রী পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর সকালে টোকিও পৌঁছালে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে। সফরের প্রথম দিন থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এর মধ্যে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে তাঁর পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, জ্বালানি, উন্নত উৎপাদনশিল্প, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের আধুনিকায়ন এবং দ্বিতীয় সার কারখানা স্থাপনের সম্ভাবনা গুরুত্ব পায়। জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অবকাঠামো উন্নয়ন, দক্ষতা অংশীদারত্ব, প্রযুক্তি গ্রাম ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এছাড়া কৃষির আধুনিকায়ন ও জ্বালানি নিরাপত্তার বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। প্রতিনিধিদলে আরও রয়েছেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছেন এবং গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিয়েছেন। চার দিনের এই জাপান সফরে তিনি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন।
















