আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এক অনন্য নজির স্থাপন করেছেন ফ্যাশন ডিজাইনার ও মডেল রাকিব হাসান। গত ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড হাইল্যান্ড এলাকার ডলবি থিয়েটারে আয়োজিত লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইক ২০২৬-এর রানওয়েতে অংশ নেন এই তরুণ। এবারের ফ্যাশন উইকের মঞ্চে একমাত্র বাংলাদেশি মডেল হিসেবে তাঁর অংশগ্রহণ দেশের ফ্যাশন জগতের জন্য এক বিশেষ গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
২০২৩ সালে নতুন পরিবেশে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রাকিব হাসান। ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজের অভিজ্ঞতা এবং মডেলিংয়ের প্রতি গভীর আগ্রহকে পুঁজি করে তিনি আন্তর্জাতিক মিডিয়া ও ফ্যাশন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই চ্যালেঞ্জিং যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতা অর্জন ও পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে তিনি সামনের দিকে এগিয়ে চলেছেন।
আন্তর্জাতিক এই মঞ্চে রাকিব হাসানের উপস্থিতি কেবল তাঁর ব্যক্তিগত সাফল্যের পরিচায়ক নয়, বরং বিশ্ব ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের তরুণ প্রতিভাদের সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করেছে। তাঁর এই সাফল্যে শুভাকাঙ্ক্ষীরা দারুণ আনন্দিত এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে তিনি দেশের পরিচিতি বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

















