রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন টাটকা সবজি। তবে নতুন সবজির স্বাদ নেওয়ার আগেই চড়া দামে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা যায়, সবজি, মাছ ও মুরগি কিনতে ক্রেতাদের তুলনামূলক অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। বিশেষ করে বড় আকারের মাছ, ইলিশ এবং নতুন সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে।
বাজারে নতুন সবজি হিসেবে প্রতি কেজি নতুন আলু ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া ঝিঙা ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা, লাউ ৬০ থেকে ৮০ টাকা এবং পটোল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কাঁকরোল ১০০ টাকা, কচুমুখী ৮০ টাকা, মুলা ৭০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, শিম ১০০ টাকা এবং সাধারণ টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ৩০ টাকা ও মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজি দরে। এছাড়া কাঁচা মরিচ ১৪০ টাকা ও জলপাই ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে পণ্যের দাম নিয়ে ব্যবসায়ী শাহ আলম জানান, বাজারে নতুন কোনো পণ্য উঠলে শুরুতে দাম কিছুটা বেশি থাকে। তবে ক্রেতা আবু বক্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, টেলিভিশনে দেখা যায় পাঁচ টাকা দিয়েও লাউ বিক্রি হচ্ছে না, অথচ রাজধানীর বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো লাউ পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সবজির দামই ১০০ টাকার আশপাশে রয়েছে।
মাছের বাজারেও চড়া দাম বিরাজ করছে। রুই মাছ ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা এবং বায়লা ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় আকারের কাতল মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং বাইন মাছ ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি শিং মাছ ১ হাজার টাকা, বড় চিংড়ি ১ হাজার ৪০০ টাকা এবং সাগরের পাঙাশ ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে পাঙাশ ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় পাওয়া যাচ্ছে। ইলিশের দামও বেশ চড়া; ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ী মোজাম্মেল জানান, সাগরের মাছ ও দেশি মাছের দাম সবসময়ই বেশি থাকে।
মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকায় এবং সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ডজন বাদামি খোসার ব্রয়লার মুরগির ডিম ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

















