ঢালিউড কুইন অপু বিশ্বাস আবারও বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তবে এবার কোনো সিনেমার শুটিং কিংবা প্রমোশনের কারণে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি রোমান্টিক ভিডিও ঘিরেই তোলপাড় চলছে নেটদুনিয়ায়। ভিডিওটিতে দেখা যায়, হবু বর-কনের সাজে মেহেদি পরানোর একটি অনুষ্ঠানে এক যুবক হঠাৎ করেই অপু বিশ্বাসকে চুমু দিয়ে বসেন। এমন আকস্মিক ঘটনায় নায়িকা কিছুটা লজ্জা পেলেও মুচকি হেসে পরিস্থিতি সামাল দেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মনে যুবকটিকে নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়।
ভিডিওতে দেখা যাওয়া সেই যুবকের নাম আদনান আজাদ। বহুমুখী প্রতিভার অধিকারী আদনান অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত। এছাড়া বন্যপ্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। আদনানের সঙ্গে অপু বিশ্বাসের পরিচয় নতুন নয়। প্রায় দেড় যুগ আগে ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয়েছিল আদনানের। সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস।
তবে সেই সিনেমার পর অপু বিশ্বাস চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডের শীর্ষ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও আদনান আজাদ বড় পর্দায় সেভাবে নিয়মিত হতে পারেননি। শাকিব খানের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনায় থাকা অপু বিশ্বাসের এই নতুন ভিডিওটি দেখে অনেকেই তাদের নতুন প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে নানা মন্তব্য করছেন।

















