অন্যান্য

পোশাক আন্দোলনে ‘মুখোশের’ আড়ালে রাজনৈতিক ষড়যন্ত্র: ৬৯০ কারখানা বন্ধ

প্রতিবেদক
পুলিশের স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, আটক ১২ পুলিশের স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, আটক ১২ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ জামিন পাওয়ার পর মুক্তির দিনই কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু জামিন পাওয়ার পর মুক্তির দিনই কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মেজর আখতারুজ্জামান, ওসির বিরুদ্ধে অভিযোগ পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মেজর আখতারুজ্জামান, ওসির বিরুদ্ধে অভিযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা
সব খবর

শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়া আন্দোলনের পেছনে রাজনৈতিক অস্থিরতা তৈরির ষড়যন্ত্র দেখছে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো। ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে এই আন্দোলনকে ‘মুখোশের’ আড়ালে রাজনৈতিক মহড়া হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে নভেম্বর থেকেই শিল্পাঞ্চলে উত্তেজনা বাড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যস্ত রাখা, সরকারের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং প্রশাসনের মনোবল দুর্বল করার কৌশল নেওয়া হয়ে থাকতে পারে।

গত এক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনের জেরে গতকাল বুধবার পর্যন্ত দেশের অন্তত ৬৯০টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর ফলে ১৭ লাখেরও বেশি শ্রমিক কর্মস্থলে যেতে পারেননি, যা বসন্ত ও গ্রীষ্ম মৌসুমের রপ্তানি আদেশ সরবরাহের গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এইচঅ্যান্ডএম, জারা ও ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

পুলিশ সদর দফতরের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পোশাক খাতকে নিশানা করে আন্দোলনের মহড়া দিচ্ছে। ডিসেম্বর আসার এক মাস আগেই বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের নামে শিল্পাঞ্চলকে অস্থির করে তুলে সরকারকে অর্থনৈতিকভাবে কাবু করার কৌশল অবলম্বন করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে ধারাবাহিক অস্থিরতা সৃষ্টি করা হলে রপ্তানিমুখী উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দীর্ঘ সময় শিল্পাঞ্চলে ব্যস্ত থাকতে হবে, যা রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও অন্যান্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় চাপ তৈরি করতে পারে।

গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ডিসেম্বর সামনে রেখে একটি রাজনৈতিক গোষ্ঠী সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তিনি অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, এমন বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে ব্যবহার করে এই তৎপরতা চালানোর চেষ্টা হচ্ছে। মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং সরকার রাজনৈতিকভাবেই এসব অপচেষ্টা মোকাবিলা করবে। একই সঙ্গে কারখানা চালু রাখা, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরদিন ২ নভেম্বর সচিবালয়ে পোশাকশিল্প মালিকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আরো সরাসরি অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত কিছু শিল্পমালিক, যাঁদের কেউ সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন, তাঁরা শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার সঙ্গে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব শিল্পমালিকের সংশ্লিষ্টতার তথ্য সরকারের কাছে রয়েছে এবং বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সরকারের সমর্থকেরা মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। তিনি আরও বলেন, বিভিন্ন সহিংস ঘটনার ভিডিও ফুটেজ, অডিও রেকর্ডিং ও অন্যান্য তথ্য সংগ্রহ করেছে সরকার। কিছু ব্যক্তিকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা ভঙ্গ এবং দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো অভিযোগ করেন, কিছু কারখানার মালিক উদ্দেশ্যমূলকভাবে তাঁদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন, যাতে পরিস্থিতি আরো খারাপ হয়। এ ধরনের কারখানার তালিকা বিজিএমইএ ও বিকেএমইএর কাছে চাওয়া হয়েছে। শ্রমিক সংগঠনের নামে যাঁরা আন্দোলনে উসকানি দিচ্ছেন, তাঁদের পরিচয়ও জানতে চেয়েছে সরকার। শুধু তা-ই নয়, শিল্পাঞ্চলের আন্দোলনের পেছনে দেশের বাইরে থেকে উসকানি দেওয়ার অভিযোগও তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকারের কাছে থাকা তথ্য ও বিশ্লেষণ অনুযায়ী সীমান্তের ওপার থেকে কিছু ব্যক্তি নিরীহ পোশাকশ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। তাঁর অভিযোগ, মুখোশধারী কিছু ব্যক্তি শ্রমিকদের বিক্ষোভে ঢুকে নিজেদের স্বার্থে পরিস্থিতি উত্তপ্ত করছেন। এসব ঘটনায় প্রকৃত শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের প্রকৃত দাবি আলোচনার মাধ্যমে সমাধান করতে সরকার প্রস্তুত। কিন্তু শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, অগ্নিসংযোগ, কারখানা ভাঙচুর ও উৎপাদন ব্যাহত করার চেষ্টা বরদাশত করা হবে না।

শ্রমিক নেতাদের মধ্যেও আন্দোলন নিয়ে ভিন্নমত সৃষ্টি হয়েছে। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। তবে আন্দোলনের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মজুরি বোর্ডের সদস্য বাবুল আখতারও বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কিছু বহিরাগত ব্যক্তি কারখানায় ঢুকে জোর করে ছুটি ঘোষণা করানোর চেষ্টা করেছেন। তিনি শ্রমিকদের সতর্ক করে বলেছেন, কারও উসকানিতে এমন কিছু করা উচিত নয়, যাতে পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে বাংলাদেশ গার্মেন্ট ওয়ার্কার্স সলিডারিটির সভাপতি তাসলিমা আক্তারও আন্দোলনে তৃতীয় পক্ষের উসকানির অভিযোগ করেছেন। তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির যৌক্তিকতা অস্বীকার করেননি তিনি।

কারখানার মালিকদের অনেকে অভিযোগ করেছেন, শ্রমিকদের একটি অংশকে বাইরের লোকজন প্ররোচিত করছেন। কোথাও কোথাও শ্রমিকদের চাপ দিয়ে আন্দোলনে অংশ নিতে বাধ্য করার অভিযোগও উঠেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেডের মহাব্যবস্থাপক সোলায়মান কবির বলেন, বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের একটি অংশ স্বেচ্ছায় নয়, বরং বাইরের লোকজনের চাপ বা প্ররোচনায় অংশ নিচ্ছেন। এতে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং রপ্তানি আদেশ সময়মতো সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। ফতুল্লা অ্যাপারেলসের পরিচালক কুদরত-ই-খুদা মারুফ বলেন, নতুন মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগকে তারা সমর্থন করেন। তবে আইনগত প্রক্রিয়া চলার সময় ভাঙচুর ও বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়। জানতে চাইলে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমও বারবার কারখানা বন্ধ ও উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেন, মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রস্তাব শুনে মজুরি বোর্ডের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত।

বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে গতকাল বুধবার পর্যন্ত অন্তত ৬৯০টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ১৭ লাখের বেশি। এর মধ্যে গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলে ৩৮২টি, সাভার, আশুলিয়া ও জিরাবো এলাকায় ২২৩টি, মিরপুরে ৬৫টি এবং নারায়ণগঞ্জে প্রায় ২০টি কারখানা রয়েছে। এর আগের দিন ১ নভেম্বর ৫২৯টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়। বিজিএমইএর সহসভাপতি মিজানুর রহমান জানান, তাঁদের ৬৭০টি সদস্য কারখানায় উৎপাদন বন্ধ ছিল, যেখানে প্রায় ১৬ লাখ ৮০ হাজার শ্রমিক কাজ করেন। বিকেএমইএর তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের আরো ২০টি কারখানা বন্ধ থাকায় ৫০ হাজারের বেশি শ্রমিক ক্ষতিগ্রস্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সেলিম রায়হান দৈনিক এদিনকে বলেন, উৎপাদনশীলতা বাড়াতে পারলে শ্রমিকদের মজুরি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েও বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা সম্ভব। তাঁর মতে, দীর্ঘস্থায়ী শ্রমিক অসন্তোষ মজুরি বৃদ্ধির চেয়েও বড় ঝুঁকি তৈরি করতে পারে। কারণ, এতে সময়মতো পণ্য সরবরাহের সক্ষমতা ও ক্রেতাদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়।

এ খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক থেকে। জিডিপিতেও এ খাতের অবদান প্রায় ১০ শতাংশ। এমতাবস্থায় ডিসেম্বর ঘিরে সরকারের রাজনৈতিক ও নিরাপত্তাগত উদ্বেগের মধ্যে পোশাকশিল্প এখন বড় পরীক্ষার মুখে। একদিকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতা ও শিল্পাঞ্চলে নাশকতার চেষ্টা থাকলে তা প্রতিরোধ করা সরকারের জন্য জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

এমন অবস্থায় ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির আগে শিল্পাঞ্চলকে অস্থির করে তোলার পরিকল্পনায় উদ্বেগ বাড়ছে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা। এরই মধ্যে গত এক সপ্তাহ ধরে চলা আন্দোলনের জেরে উৎপাদন বন্ধ রয়েছে ৬৯০ কারখানায়। মূলত বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিকে সামনে রেখে আন্দোলন করছেন শ্রমিকরা।

পুলিশের স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, আটক ১২ পুলিশের স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, আটক ১২ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ জামিন পাওয়ার পর মুক্তির দিনই কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু জামিন পাওয়ার পর মুক্তির দিনই কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মেজর আখতারুজ্জামান, ওসির বিরুদ্ধে অভিযোগ পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মেজর আখতারুজ্জামান, ওসির বিরুদ্ধে অভিযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা
সব খবর