জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, সরকারের পক্ষে গেলে বিপ্লব, আর না গেলে গণআন্দোলন। শনিবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
৭ নভেম্বরকে ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা ৭ নভেম্বরকে বিপ্লব মনে করি, ২০২৪ সালকেও বিপ্লব মনে করি। সরকারের পক্ষে গেলে বিপ্লব, না গেলে গণআন্দোলন। ডিসেম্বরে কেউ দেশে আসার পরিকল্পনা করছে জানিয়ে তিনি বলেন, এ দেশে আসার সুযোগ নেই, আমরা প্রস্তুত আছি। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, গতবার আমরা অনেক দয়া দেখিয়েছি, ক্ষমা করেছি এবং ন্যায়বিচার চেয়েছিলাম। কিন্তু বিচার না পাওয়ায় মানুষ এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে।
নোবিপ্রবি শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তবে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেও শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকট দূর করতে পারেনি। এসব সমস্যা সমাধানে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। তিনি আরও বলেন, সুযোগ পেলে নোবিপ্রবির সমস্যা ও শিক্ষার্থীদের দাবিগুলো জাতীয় সংসদে তুলে ধরবেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে সমালোচনা করে তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকৃত অর্থে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা যায়নি; এগুলোকে অনেকটা পাঠশালার মতো মনে হয়। এখানে গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষার্থীদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করতে হবে। ছাত্রসংগঠনগুলোর দায়িত্ব কেবল ফুল ও উপহার দিয়ে মন জয় করা নয়, বরং শিক্ষার্থীদের আবাসন ও শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনকে চাপ দেওয়া বলেও তিনি মন্তব্য করেন। তরুণদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরোনোদের রাজনীতি শেষ, এখন তরুণদের রাজনীতি করতে হবে। অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















