সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে দুইজন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ৭৭৯ জন শিশুর মৃত্যু হলো।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১০৪ জন।
চিকিৎসা ব্যবস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৭ হাজার ৯১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

















