ক্যানসার চিকিৎসায় রোগীর টিউমারের নির্দিষ্ট আণবিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে নতুন এক কার্যকর কৌশল উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড থেরাপির সমন্বয় ব্যবহার করা হয়েছে, যা অগ্ন্যাশয়ের আক্রমণাত্মক ক্যানসার বা পিডিএসি (প্যানক্রিয়াটিক ডাকটাল অ্যাডেনোকার্সিনোমা) দমনে একক থেরাপির তুলনায় অধিক কার্যকর বলে প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে। অ্যাডভান্সড সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এই গবেষণার শিরোনাম দেওয়া হয়েছে ‘কনসার্টেড অ্যাকশন অব টার্গেটেড নিউক্লিক অ্যাসিড থেরাপিউটিকস অ্যাজ ফ্লেক্সিবল, প্রিসিশন অ্যান্ড পার্সোনালাইজড ক্যানসার ট্রিটমেন্ট’।
ফ্রান্সের জাতীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের (সিএনআরএস) গবেষণা পরিচালক ড. পেং লিং জানিয়েছেন, এই গবেষণার মূল লক্ষ্য হলো সবার জন্য একই চিকিৎসা প্রয়োগ না করে রোগীর টিউমারের আণবিক বৈশিষ্ট্য অনুযায়ী আরএনএ চিকিৎসা বেছে নেওয়া। ক্যানসার একটি জটিল রোগ হওয়ায় একই সঙ্গে একাধিক জিনে পরিবর্তন ঘটতে পারে। এই সীমাবদ্ধতা কাটাতে গবেষকেরা দুটি ছোট আরএনএ অণুর সমন্বয় ব্যবহার করেছেন। এর একটি হলো স্মল ইন্টারফেরিং আরএনএ (এসআইআরএনএ), যা ক্যানসার সৃষ্টিকারী জিনের কার্যক্রম বন্ধ করে দেয় এবং অন্যটি স্মল অ্যাক্টিভেটিং আরএনএ (এসএআরএনএ), যা টিউমার প্রতিরোধী জিনকে সক্রিয় করতে সাহায্য করে।
গবেষণার অংশ হিসেবে বিজ্ঞানীরা ৪৫টি রোগী-উদ্ভূত অগ্ন্যাশয়ের ক্যানসার মডেলে আরএনএর কার্যক্রম ও প্রোটিনের বৈশিষ্ট্য বিশ্লেষণ করেছেন। পরবর্তীতে কোষের কালচার, ত্রিমাত্রিক অর্গানয়েড এবং প্রাণীর শরীরে প্রতিস্থাপিত টিউমার জেনোগ্রাফট মডেলে এই সম্মিলিত থেরাপির কার্যকারিতা পরীক্ষা করা হয়। ফলাফল অনুযায়ী, এই পদ্ধতি ক্যানসার কোষের বংশবৃদ্ধি ও টিউমারের অগ্রগতি কমাতে একক থেরাপির চেয়ে বেশি সফলতা দেখিয়েছে। বিশেষ করে ইঁদুরের শরীরে প্রতিস্থাপিত টিউমারের ওপর চালানো পরীক্ষায় এই কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। তবে গবেষকরা সতর্ক করেছেন যে, এসব ফলাফল মানুষের শরীরে চিকিৎসাটির কার্যকারিতা নিশ্চিতভাবে প্রমাণের জন্য যথেষ্ট নয়।
গবেষকদের মতে, বিভিন্ন টিউমার মডেলে ভিন্ন ভিন্ন আরএনএ সমন্বয় ভালো ফল দিয়েছে, যা থেকে বোঝা যায় যে ভবিষ্যতে রোগীর টিউমারের আণবিক বৈশিষ্ট্য অনুযায়ী ব্যক্তিগত পর্যায়ে চিকিৎসা নির্ধারণ সম্ভব। এটি পার্সোনালাইজড মেডিসিনের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে রোগের ধরন ও জিনগত বৈশিষ্ট্য বিবেচনা করে চিকিৎসার সমন্বয় করা হয়।

















