রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের ব্যবধানে সারাদেশে নতুন করে ১,৯৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
হাসপাতালে ভর্তির হার বিশ্লেষণ করলে দেখা যায়, গত একদিনে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৪৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন এবং রাজশাহী বিভাগে ২৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

















